দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম প্রভাবশালী মহিলার সঙ্গে ছবি তুলে তা শেয়ার করলেন বিদ্যা বালন। ঈশা আম্বানীর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রাক্তন ফার্স্ট লেডি ও ডেমোক্র্যাট লিডার হিলারি ক্লিন্টন। সেখানেই তাঁর সঙ্গে ছবি তুলেছেন বিদ্যা। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে বিদ্যা বলেছেন এটি তাঁর সবচেয়ে মূল্যবান ছবি।
উদয়পুরে শনিবার প্রাক-বিবাহ অনুষ্ঠান ছিল মুকেশ আম্বানীর মেয়ে ঈশার। সেখানেই অভ্যাগতদের মধ্যে ছিলেন হিলারি। তিনি সেখানে পৌঁছলে মুকেশ ও তাঁর স্ত্রী নীতা তাঁকে জড়িয়ে ধরে ও ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানান। সেখানেই হিলারির সঙ্গে বিদ্যাকে আলাপ করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এর জন্য স্মৃতিকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা। পরে প্রাক্তন ফার্স্ট লেডির সঙ্গে ছবি তোলেন বিদ্যা ও তাঁর স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর।
বিদ্যা লিখেছেন, তিনি হিলারির ফ্যান। হিলারি গত মার্কিন নির্বাচনে ভোটে না জিততে পারায় আশাহত হয়েছিলেন বিদ্যাও। বিদ্যার মতে, হিলারি এমন একজন মহিলা যিনি সমস্ত রকম ঝড়ঝাপটা মাথায় নিয়ে চলতে পারেন। আর স্বামী সিদ্ধার্থের প্রশংসাও করেছেন বিদ্যা। তাঁর কথায়, মার্কিন নির্বাচনের খুঁটিনাটি সব জানেন সিদ্ধার্থ। তিনি হলেন এ বিষয়ে ওয়াকিং-টকিং এনসাইক্লোপিডিয়া।