
শেষ আপডেট: 9 November 2022 09:30
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট পরীক্ষায় (TET exam) বসার জন্য ফর্ম ফিলআপ করেছিলেন এক চাকরিপ্রার্থী। গত ৬ নভেম্বর হয়ে গেছে সেই পরীক্ষা। কিন্তু তাঁর হল টিকিট (Hall Ticket), অর্থাৎ অ্যাডমিট কার্ডে পাওয়া গেল নীল ছবির প্রাক্তন তারকা বলিউড অভিনেত্রী সানি লিওনের (Sunny Leone) ছবি! সেই অ্যাডমিট কার্ডের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। তারপরেই ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রুদ্রাপ্পা কলেজে। পরীক্ষা শুরুর আগে যখন সমস্ত প্রার্থীর অ্যাডমিট কার্ড চেক করা হচ্ছিল, তখনই ধরা পড়ে এই আশ্চর্য কাণ্ড। ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়ায়। এরপরেই ওই কলেজের অধ্যক্ষ সাইবার ক্রাইম বিভাগে ঘটনার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ফর্মে ছবি আপলোড করতে গিয়ে কোনওভাবে এই বিভ্রাট ঘটেছে। যদিও ওই প্রার্থী জানিয়েছেন, তিনি নিজে অনলাইনে ফর্মটি পূরণ করেননি। তাঁর হয়ে অন্য একজনকে তা করে দিতে অনুরোধ জানিয়েছিলেন তিনি।
ঘটনায় শিক্ষা দফতরের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি বিবৃতি দিয়ে দফতরের তরফে জানানো হয়েছে, এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রার্থীর একটি এক্সক্লুসিভ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়, যা শুধুমাত্র ওই প্রার্থীর পক্ষেই ব্যবহার করা সম্ভব। তারা আরও জানিয়েছে, পরীক্ষার হল টিকিট তৈরির ক্ষেত্রে শিক্ষা দফতরের কোনও ভূমিকা নেই। কারণ তা শুধুমাত্র প্রার্থী নিজেই করতে পারেন।
তবে ওই হল টিকিটের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তা দেখে মস্করা করতে শুরু করেছেন নেটিজেনরা।
বালুরঘাট শিশু খুন: অভিযুক্তর মাসিই 'নাটের গুরু'! ঝাড়ুদারের কাজ করেও রয়েছে দু’টি দামী গাড়ি