
শেষ আপডেট: 14 March 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারপর ফের তাঁকে আজ মঙ্গলবার ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্স থেকে। নিয়োগ দুর্নীতি তদন্ত সূত্রে আড়াই ঘণ্টা জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে অভিনেতা দাবি করলেন, ‘তদন্তকারীরা যা চেয়েছিলেন, সব দিয়ে দিয়েছি।’
এদিন বনি বলেন, ‘ইডি যা চেয়েছিল, আমার কাছে যা ছিল, সব দিয়ে দিয়েছি। আর আমার কিছু দেওয়ার নেই। এবার যা বলার ইডি বলবে।’ কুন্তল ঘোষের সঙ্গে লেনদেনের সূত্রে ডাকা হয়েছিল বনিকে। জানা গিয়েছে, ২০১৭ সালে বনিকে ল্যান্ড রোভার কেনার জন্য একটি গাড়ির শোরুমে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল।
বনিও তা স্বীকার করেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, বিনময় প্রথায় ওই গাড়ি নিয়েছিলেন তিনি। তার জন্য কুন্তলের অন্তত ২৪-২৫টি ইভেন্টে কাজ করে দিয়েছিলেন।
এদিন দেখা যায় একটি কালো রঙের কিয়ার গাড়ি চেপে সিজিওতে আসেন বনি। প্রসঙ্গত, একুশের ভোটের আগে বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও ভোট মিটে যাওয়ার পর অবশ্য তাঁকে আর গেরুয়া সংস্পর্শে দেখা যায়নি।
অভিনেতার আশা, ইডি আর তাঁকে ডাকবে না। কারণ তাঁর কাছে যা নথি ছিল, সব দিয়ে এসেছেন আজ। এখন দেখার কী করে কেন্দ্রীয় এজেন্সি।
বাংলায় কোনও স্কুল বন্ধ হচ্ছে না, সব গুজব, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য