দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় এবার ডাক পড়ল বলিউড অভিনেতা অর্জুন রামপালেরও। সোমবার সকালেই অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। বেলা গড়াতেই সমন পাঠাল এনসিবি। আগামী বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
সূত্রের খবর, রামপালের বান্ধবী গ্যাব্রিবেলা দেমেত্রিয়াদেসের ভাই অ্যাজিসিলাওসকে মাদক কাণ্ডে আগেই গ্রেফতার করেছিলেন এনসিবি-র অফিসাররা। জামিনে ছাড়া পান তিনি। সেই সূত্রেই অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের মাদক চক্রের বিষয়টা সামনে আসে। মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও অভিনেতার দুই কর্মচারী দীপেশ সবন্ত ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস জেল খেটে ছাড়া পান রিয়া। মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেন গোয়েন্দারা। তদন্তকারী অফিসাররা বলছেন, সুশান্ত সিং মামলায় মাদক যোগে যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যে একজন রামপালের বান্ধবীর ভাই। ধর্মা প্রোডাকশনের একজিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ প্রসাদকে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি। তদন্তকারীদের দাবি, এই ক্ষিতিজের সঙ্গেই যোগাযোগ ছিল অ্যাজিসিলাওস দেমেত্রিয়াদেসের।
গতকাল, রবিবারই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। উদ্ধার হয় ১০ গ্রাম গাঁজা। তল্লাশির সময় ফিরোজ বাড়িতে ছিলেন না, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান এনসিবি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। মাদক কিনতে গিয়ে ইতিমধ্যেই ধরা পড়েছেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক চক্রের খোঁজ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। মুম্বইয়ের চার জায়গা থেকে আরও চার মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।