
শেষ আপডেট: 26 November 2023 17:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগরে অ্যাসিড হামলা শিকার হলেন এক মহিলা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওই মহিলা এখন চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মুখের একাংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম হারু বাইন। ঝিলপাড় এলাকায় তার একটা চায়ের দোকান রয়েছে। হারু বিবাহিত। আক্রান্ত মহিলাও বিবাহিত। তিনি পরিচারিকার কাজ করেন। দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল।
পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তাই হারুর সঙ্গে কয়েকদিন আগে থেকে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। ওই যুবককে তিনি এড়িয়ে চলতে শুরু করেন। কিন্তু প্রেমিকার এড়িয়ে চলা মেনে নিতে পারেনি হারু। বহুবার তার সঙ্গে দেখা করার চেষ্টাও করে সে।
শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় তাঁর পিছু নেয় ওই যুবক। কোন্নগর সি ব্লক এলাকায় মহিলাকে একা পেয়ে কথা বলার চেষ্টা করে সে। কিন্তু হারুকে এড়িয়ে যেতে চান ওই মহিলা। এতে আরও খেপে যায় তাঁর প্রেমিক। অভিযোগ ওই সময় সে পকেট থেকে একটি রাসায়নিকের বোতল বের করে মহিলার মুখে ছুড়ে মারে। মহিলার চিৎকারে অনেকেই বাইরে বেরিয়ে আসেন।
মহিলাকে রাস্তায় পড়ে কাতরাতে দেখে স্থানীয়রাই পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসার ব্যবস্থা করে। পরে মহিলাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে অভিযুক্তকেও এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ। তাকে কানাইপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলার দিকে হাইড্রোক্লোরিক জাতীয় অ্যাসিড ছোড়া হয়েছিল। মহিলার মুখ ও ঘাড় ঝলসে গিয়েছে।