
শেষ আপডেট: 28 October 2023 18:23
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাবে রাজি ছিলেন না। আর তার জেরে এক তরুণীর উপর অ্যাসিড হামলা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙরাবেরিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত এখনও অধরা।
তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, একসময় কলকাতার বাগুইআটি এলাকায় ভাড়া থাকতেন তরুণী। সেসময়ই তাঁর সঙ্গে পরিচয় হয় বাগুইআটির যুবক উজ্জ্বল কর্মকারের। আগে বাগুইআটি এলাকায় উজ্জ্বলের একটি সোনার দোকান ছিল। তবে এখন গাড়ি চালায় অভিযুক্ত। উজ্জ্বল তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রত্যাখ্যান করেন তরুণী। আর তার জেরেই গোলমালের সূত্রপাত।
আক্রান্তের পরিবারের অভিযোগ, বাগুইআটির ভাড়াবাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসার পর উজ্জ্বল মাঝেমধ্যেই তরুণীকে উত্তক্ত করতেন। কিন্তু শুক্রবার সমগ্র বিষয়টি মাত্রা ছাড়িয়ে যায়। অভিযোগ, শুক্রবার সন্ধেবেলা অভিযুক্ত ওই তরুণীর বাড়িতে আসে। জোর করে বাড়িতে ঢুকে মহিলার উপর অ্যাসিড হামলা করার চেষ্টা করেন। মাঝে তাঁর মা এসে যাওয়ায় ধস্তাধস্তি শুরু হয়। তার মধ্যেই উজ্জ্বলের ছোঁড়া অ্যাসিড গিয়ে লাগে মা এবং মেয়ের শরীরে। এতেই তরুণীর পিঠ, মুখ, পা–সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। মুখের কিছুটা পুড়ে যায় তাঁর মায়েরও।
মা-মেয়ের চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। সেই ফাঁকে এলাকা ছেড়ে চম্পট দেয় উজ্জ্বল। তরুণী অভিযোগ করেছেন, তাঁর বাবা ও মাকেও খুন করার হুমকি দিয়েছে উজ্জ্বল কর্মকার। অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকির ভয়ে আগে একবার অভিযোগ প্রত্যাহার করেন আক্রান্ত। এবার তিনি চান অভিযুক্তকে গ্রেফতার করা হোক এবং তার যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে প্রশাসন।