
শেষ আপডেট: 3 January 2023 08:37
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র সিং (Acharya Satyendra Singh) রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন। কংগ্রেস নেতাকে (Rahul Gandhi) লেখা শুভেচ্ছা-চিঠিতে তিনি বলেছেন, ভারত জোড়ো যাত্রা এক মহৎ কাজ। শরীর ভাল থাকলে তিনি অবশ্যই এই যাত্রায় অংশ নিতেন।
বিজেপি ভারত জোড়ো যাত্রাকে প্রথম থেকেই ভারত তোড়ো যাত্রা বলে কটাক্ষ করে আসছে। অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram temple) নির্মাণেও কংগ্রেস বিরোধিতা করেছিল বলে প্রচার করে গেরুয়া শিবির।
এই প্রেক্ষাপটে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের শুভেচ্ছা চিঠির রাজনৈতিক তাৎপর্য নিয়ে চর্চা শুরু হয়েছে। অশীতিপর সত্যেন্দ্র সিং রাজনীতি সচেতন মানুষ হিসাবে পরিচিত। রাম মন্দিরের প্রধান পুরোহিত হলেও তিনি সরাসরি গেরুয়া শিবিরের লোক নন। রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যায় উচ্ছেদ অভিযান নিয়ে বারে বারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের কাছে উষ্মা প্রকাশ করেছেন। বস্তুত তাঁর পরামর্শেই যোগী গত বিধানসভা ভোটে অযোধ্যা থেকে প্রার্থী হননি।
১৯৯৩ সাল থেকে রামলালার পুজো করে আসছেন তিনি। পরে প্রধান পুরোহিত হন। নির্মীয়মাণ রাম মন্দিরের পাশেই অস্থায়ী মন্দিরে রামলালা বা শিশু রামের পুজো করেন তিনি। নতুন রাম মন্দির নির্মাণ সম্পন্ন হলে তিনি আর প্রধান পুরোহিতের ভূমিকায় থাকবেন কিনা তা নিয়ে জল্পনা আছে অযোধ্যার সাধু সমাজে।
আবাস ‘অনিয়মে’ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত ও স্থগিতাদেশ চেয়ে মামলা হাইকোর্টে, শুনানি শিগগির