
শেষ আপডেট: 20 November 2023 13:40
কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে সম্প্রতি নদিয়া এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু রেশন দোকান এবং ডিস্ট্রিবিউটারদের গোডাউনে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই ইডির হাতে একটি ডায়েরি উঠে আসে। যার পাতায় পাতায় রেশনের আটা চুরির পুঙ্খানুঙ্খ তথ্য লেখা রয়েছে বলে সূত্রের খবর।
রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর থেকেই ইডি সূত্রে দাবি করা হচ্ছিল যে নগদে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে। সেই কালো টাকার সন্ধানে লাগাতার তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। সেই সূত্রেই ইডির হাতে উঠে আসে এই নয়া ডায়েরি।
যা থেকে তদন্তকারীরা মনে করছেন, রেশনের আটা চুরির হিসাবও রাখা হত নিয়ম-শৃঙ্খলা মেনে! তাঁদের মতে, যেহেতু এই কারবারের সঙ্গে একটি বিশাল চক্র জড়িত ছিল তাই একেবারে ব্যবসায়িক পদ্ধতি মেনেই চুরি হত। সেকারণেই তার সমস্ত তথ্যও লেখা থাকত বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ওই ডায়েরিতে খাদ্য দফতরের সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালীর নাম যেমন রয়েছে তেমনই রয়েছে বেশ কয়েকজন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারের নামও।
আদালতের নির্দেশে রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ১৩ অক্টোবর নদিয়ার চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। বাকিবুরকে জেরা করার সূত্রেই গত ২৬ অক্টোবর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ম্যারাথন জেরা শেষে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল। মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের বাড়ি থেকে ‘বালুদা’ নামাঙ্কিত একটি মেরুন ডায়েরি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ওই ডায়েরিতে নিয়োগ দুর্নীতির অনেক তথ্য পাওয়া গিয়েছিল। এবার উদ্ধার হওয়া ডায়েরিতে মিলেছে রেশনের আটা চুরির আরও বিস্তারিত তথ্য। যার জেরে তদন্তকারীদের আতসকাচের নিচে একাধিক রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারের কার্যকলাপ।