
শেষ আপডেট: 16 January 2019 22:22
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চালাতে চালাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারল একটি সাইকেল ও একটি বাইকে। শেষে গাছে গিয়ে ধাক্কা মেরে থামল সেটি। ঘটনায় গুরুতর জখম চালকের পাশে বসে থাকা আরোহী এবং বাইক চালক।
পুলিশ জানিয়েছে, বুধবার টালিগঞ্জের কাছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত এনএসসি বসু রোডের কাছে ঘটনাটি ঘটেছে। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। পরে বেসরকারি হাসপাতালে সরানো হয় তাঁদের।
সূত্রের খবর, বুধবার এনএসসি বসু রোডে নিজের গাড়ি চালাচ্ছিলেন এই ব্যক্তি। পাশে এক আরোহীও ছিলেন। হঠাত্ করেই নিয়ন্ত্রণ হারান ওই গাড়ি চালক। প্রথমে একটি সাইকেল, পরে বাইকে ধাক্কা। খানিকটা পথ এই ভাবে চলার পর সব শেষে গাছে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে যায়। পরিস্থিতি দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
পরে ঘটনাস্থলে আসে পুলিশ। চালককে দেখে অস্বাভাবিক মনে হয়। চালক–সহ দুর্ঘটনায় আহত সকলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, গাড়ি চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হন ওই গাড়ির চালকের। আর সেই কারণেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারান। এই দুর্ঘটনায় সব মিলিয়ে চার জন আহত হন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে।