
শেষ আপডেট: 2 April 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: ফের আসানসোলে ইসিএলে দুর্ঘটনা। কয়লাখনিতে ডুলির তার ছিঁড়ে বিপত্তি। খনিগর্ভের ভিতরে দু’হাজার ফুট নীচে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১/২ নং কোলিয়ারিতে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম আকাশ বাউরি (৩০) ও অনিল যাদব ( ৩২)। দুজনই কুলটি থানা এলাকার বাসিন্দা। ২২০০ ফুট নিচে খনিগর্ভে ছিটকে পড়েন দুই শ্রমিক। ঘটনাটিতে আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা ইসিএলের সাকতোরিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে এই ঘটনার পরে মৃত দুই যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা কয়লাখনি এলাকায় বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, মৃত দু'জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও নিয়ম মেনে একজনকে চাকরি দিতে হবে। এই বিক্ষোভের জেরে কয়লা খনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ।
জানা গিয়েছে, যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁরা ইসিএল-এর ঠিকা শ্রমিক। তাঁদের সকলেরই সেফটি বেল্ট ছিল। কিন্তু খনির যন্ত্রাংশে এতটাই জং ছিল যে তা দুর্বল হয়ে গিয়ছিল। ফলে সেটি ভেঙে যেতেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গোটা ঘটনায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন।
দুঘটনার পরে এলাকায় আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। দুঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "মোট ৫ জন এখানে মেরামতের কাজ করছিলেন। তার মধ্যে মাত্র ১ জন সেফটি বেল্ট পড়েছিলেন। দুজনের মৃত্যু হয়েছে। এখানে কাজ করার ক্ষেত্রে ডিজিএমএস বা ডিরেক্টর অফ মাইনস্ সেফটির নির্দেশ মানা হয়নি। গোটা বিষয়টি নিয়ে আমি ইসিএলের সিএমডির সঙ্গে কথা বলবো।"