
শেষ আপডেট: 19 January 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: উলুবেড়িয়া হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ডায়ালিসিস বিভাগে এসিতে আচমকাই বিস্ফোরণ ঘটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্ডে। হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা রোগীরা।
জানা গিয়েছে, হাসপাতালের ওই ওয়ার্ডে তখন তিনজন রোগীর ডায়ালিসি চলছিল। সেই সময় হঠাৎই এসিতে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে। রোগীদের সেখান থেকে বাইরে বের করতে নার্স, স্বাস্থ্যকর্মীরা তৎপর হয়ে ওঠেন। কোনওক্রমে তিন রোগীকে বের করে নিয়ে আসা হয় ওয়ার্ড থেকে। স্বাস্থ্যকর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইজার) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভাতে পারেননি তাঁরা। দেরি না করে দমকলে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথম দিকে অসুবিধার সম্মুখীন হলেও দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন তাঁরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট হওয়ার ফলেই বিস্ফোরণ হয়। এই ঘটনা নিয়ে দুপুর থেকে আতঙ্ক ছড়িয়েছিল উলুবেড়িয়া হাসপাতালে। তবে সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।