
শেষ আপডেট: 10 October 2023 17:29
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন তুলল কেন্দ্রের আইনজীবী।
অভিষেকের পাশাপাশি রুজিরার বিরুদ্ধেও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই, ইডির ওই তদন্তকে সামনে রেখে সম্প্রতি এক শ্রেণির সংবাদমাধ্যমের অতি সক্রিয়তায় তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছে বলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক পত্নী রুজিরা। রুজিরার আইনজীবীর বক্তব্য ছিল, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে সামনে রেখে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেভাবে রুজিরার সম্মানহানি করা হচ্ছে, তা একজন নাগরিকের নাগরিকত্ব খর্ব করার সামিল। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ওই মামলার শুনানিতেই রুজিরার নাগরিকত্ব নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন কেন্দ্রের আইনজীবী।
এদিন আদালতে কেন্দ্রীয় আইনজীবীর দাবি, “রুজিরা বন্দোপাধ্যায় ভারতীয় নাগরিকই নন। ভারতে থাকার জন্য তাঁর শুধুমাত্র একটি ওভারশীস সিটিজেনশিপ কার্ড রয়েছে।”
ফলে রুজিরা কী করে ভারতীয় নাগরিকদের অধিকার খর্ব করার আবেদন জানাতে পারেন, আদালতে সেই প্রশ্নও তোলেন কেন্দ্রের আইনজীবী। তাঁর বক্তব্য, “উনি (রুজিরা) তো ভারতের স্থায়ী নাগরিক নন। তাহলে সংবিধানের ১৯ নম্বর ধারাতে ভারতীয় নাগরিকদের বাকস্বাধীনতার যে অধিকার দিয়েছে সেই অধিকার খর্ব করার দাবি কী করে জানাতে পারেন রুজিরা?”
পাল্টা হিসেবে রুজিরার আইনজীবী আদালতকে জানান, “সংবিধানের ১৪ এবং ২১ নম্বর ধারা সবার জন্য প্রযোজ্য। সেখানে নাগরিকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করার কথা বলা আছে।” আগামীকাল অর্থাৎ বুধবার মামলার পরবর্তী শুনানি হবে।