.webp)
শেষ আপডেট: 19 October 2023 17:48
দ্য ওয়াল ব্যুরো: যে কটা আবর্জনা পড়ে রয়েছে তাঁদের ঝেঁটিয়ে বিদায় করে বাংলার শান্তি উন্নয়ন অক্ষুণ্ণ রাখার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলের মাঠের বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সাংসদ অভিষেক। সেখানেই একথা বলেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, ‘যে কটা আবর্জনা’ বলতে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধীদের বোঝাতে চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ রয়েছেন অভিষেক। ২০০৯ সালের আগে পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা বামেদের দখলে ছিল। ’৭৭ থেকে সাতগাছিয়া বিধানসভার টানা ২৪ বছরের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, “এলাকার রাস্তাঘাটের কী দুরাবস্থা ছিল, মানুষ ঠিক করে চলতেও পারত না। ২০০৯ সালে প্রথম ডায়মন্ড হারবারে তৃণমূল জেতে। তারপর থেকেই এখানে উন্নয়ন শুরু হয়েছে। ‘১৪ সালে আমি জেতার পর শুধুমাত্র সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রেই ছোট বড় মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকার রাস্তা করেছি এই ৯ বছরে।”
দুর্গা পুজো উপলক্ষ্যে এদিন এলাকার মানুষের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন সাংসদ। অভিষেক জানান, তাঁর বিধানসভা এলাকার মানুষকে আগামী বছর থেকে পুজোর সময় বস্ত্র নিতে আর রাজনৈতিক মঞ্চে হাজির হতে হবে না। তিনি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকের বাড়িতে নতুন বস্ত্র পৌঁছে দেবেন। এলাকার মানুষের প্রতি তাঁর অনুরোধ, “এটাকে দান হিসেবে নয়, উপহার হিসেবে গ্রহণ করুন।”
এরপরই বিরোধীদের মানুষের থেকে বিচ্ছিন্ন করতে অভিষেকের কৌশলী মন্তব্য, “নিজের অধিকারকে সামনে রেখে লড়াইয়ে নামতে হবে। যে আপনার বিপদে পাশে ছিল, আপনাকে তার সঙ্গে থাকতে হবে। ভোটের সময় যাঁরা ভোট পাখি হয়ে ভোট চায়, আর আড়াই বছর যাদের টিকিও দেখতে পান না, তাঁদেরকে প্রত্যাখ্য়ান করে যে কটা আবর্জনা পড়ে রয়েছে তাঁদের ঝেঁটিয়ে বিদায় করে বাংলার শান্তি উন্নয়নকে অক্ষুণ্ণ রাখতে হবে।”
একুশের বিধানসভার ভোট প্রচারে বিজেপির তরফে দাবি করা হয়েছিল, তৃণমূলের জমানায় বাংলায় দুর্গা পুজো হয় না। যদিও এবারে ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি নেতা সজল ঘোষের পুজোর উদ্বোধন করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ষষ্ঠীতে আরও কয়েকটি পুজোর উদ্বোধনে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। এই প্রসঙ্গে অভিষেকের টিপ্পনি, “যাঁরা বলত বাংলায় দুর্গা পুজো হয় না, তাদেরকেই ডেইলি প্যাসেঞ্জারি করে উদ্বোধনে আসতে হচ্ছে!”
১০০ দিনের বকেয়া প্রাপ্য আদায়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লি অভিযান করেছিল তৃণমূল। পুজো মিটলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, রাজ্যপাল আমাদের দাবি কেন্দ্রের কাছে জানিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের কাছ থেকে কোনও সদর্থক জবাব না পেলে বঞ্চনার প্রতিবাদে ১ নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।”