
শেষ আপডেট: 9 November 2023 13:26
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই এ ব্যাপারে চুপ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, মহুয়ার ব্যাপারে প্রতিক্রিয়া হল—এ নিয়ে দলের কোনও প্রতিক্রিয়াই নেই। মহুয়াই উপযুক্ত জবাব দিতে পারবেন।
কিন্তু বৃহস্পতিবার এথিক্স কমিটির খসড়া সুপারিশ চূড়ান্ত হওয়ার আগে এ ব্যাপারে প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মহুয়ার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে এথিক্স কমিটির খসড়া সুপারিশ বুধবার রাতে কমিটির সব সদস্যের কাছে পাঠানো হয়। তখনই তা ফাঁস হয়ে যায়। দেখা যায়, তাতে বলা হয়েছে মহুয়া মৈত্রর সাংসদ পদ অবিলম্বে খারিজ করার সুপারিশ করা হয়েছে খসড়া রিপোর্টে। সেই সঙ্গে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রাতিষ্ঠানিক ফৌজদারি তদন্তের জন্যও সুপারিশ করা হয়েছে।
ঠিক এই বিষয়টা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “মহুয়ার ব্যাপারে এথিক্স কমিটির উদ্দেশ্য ও বিধেয় পরিষ্কার। সংসদের প্রিভিলেজ কমিটির সামনে কত অভিযোগ জমা পড়ে রয়েছে। লোকসভায় দাঁড়িয়ে বিজেপির সাংসদ রমেশ বিদুরি যে অশালীন কথা বলেছিলেন, সেই অভিযোগও ঝুলে রয়েছে। কিন্তু সেগুলোর শুনানি হচ্ছে না। আর মহুয়ার ব্যাপারে মাত্র তিনটে সিটিংয়ে খসড়া সুপারিশ তৈরি হয়ে গেল।”
অভিষেকের কথায়, “আমার কাছেও কমিটির সুপারিশের রিপোর্টের কিছুটা এসেছে। সেটায় দেখলাম মহুয়ার সাংসদ পদ খারিজের কথা বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত করার কথাও বলা হয়েছে। তার মানে তদন্ত না করেই সদস্য পদ খারিজ করতে চাইছে বিজেপি। এটাই ছিল ওদের উদ্দেশ্য।”
প্রশ্ন উঠতেই পারে যে এতদিন ধরে এতটা স্পষ্ট ভাবে কেন মহুয়ার পাশে থাকেনি তৃণমূল কংগ্রেস? কেন খসড়া রিপোর্ট চূড়ান্ত হওয়ার দিনই মুখ খুললেন অভিষেক?
ঠিক এই প্রশ্নটা অভিষেককে এ়দিন কেউ করেননি। তবে অভিষেক নিজেই বলেন, “আমি মনে করি মহুয়া একাই ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট। ও ঠিক লড়াই চালিয়ে যাবে।”