
শেষ আপডেট: 23 November 2023 12:46
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পুজো মিটলেই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতাদের নিয়ে নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকেরও। তবে বুধবার থেকে নতুন করে ফের তাঁর চোখে সমস্যা তৈরি হওয়ায় এদিনের সভায় উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ নেতাজি ইন্ডোরে সভা শুরুর পরই একথা জানিয়ে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং প্রবীণ নেতা শোভন চট্টোপাধ্যায়।
কর্মীদের উৎসাহিত করতে ভার্চুয়াল সকলকে অভিনন্দন জানান অভিষেক। নেতাজি ইন্ডোরের স্ক্রিনে সেই ছবি ফুটে ওঠে। দেখা যায়, বাম চোখ ফের ফুলে রয়েছে। হাতজোর করে কর্মীদের অভিনন্দন জানান তিনি।
সুব্রত বক্সি, শোভন চট্টোপাধ্যায়রা বলেন, “অভিষেকের চোখে ফের সমস্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের নির্দেশে আপাতত পাঁচ, সাতদিন অভিষেককে বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকের নির্দেশে ওর এখন কথা বলা বন্ধ রয়েছে।”
গত অগস্টেই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রের দাবি, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই সমস্যা জটিল হয়েছে বলে মনে করছেন তৃণমূলের একাংশ।
বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে থাকাকালীনই অভিষেকের চোখের সমস্যার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন শেষ করে তিনি অভিষেকের কাছে যান। চোখের সমস্যা নিয়ে কথাও হয় দু’জনের।
সম্প্রতি ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি হয়েছিল। দিল্লিতে সমস্যার সুরাহা না হওয়ায় সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক। পুজোর মুখে টানা পাঁচদিন রাজভবনের সামনে ধর্নাতেও বসেছিলেন তিনি। পরে রাজ্যপালের আশ্বাসে ঘেরাও তুলে নেওয়া হলেও তখনই অভিষেক জানিয়েছিলেন, পুজো মিটলেই নেত্রীর নেতৃত্বে নভেম্বর থেকে ফের বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে অভিষেকের গাড়ির। তখনই বাম দিকের চোখের নিচে আঘাত পেয়েছিলেন তিনি, চোখের হাড়ও ভেঙে যায় ওই দুর্ঘটনায়।