
শেষ আপডেট: 7 March 2024 23:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ মার্চ ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওইদিন সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'।
ব্রিগেড সমাবেশকে সফল করতে কলকাতা-সহ জেলার প্রতিটি ব্লকে প্রচার সভা করছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, ব্রিগেডে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করা হবে। ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রস্তুতির তদারকি খতিয়ে দেখতে ব্রিগেডে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন তিনি। কথা বলেন কর্মীদের সঙ্গেও।
প্রসঙ্গত, এদিনই ডোরিনা ক্রসিংয়ে দলের মহিলা সংগঠনের কর্মসূচি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, ব্রিগেড থেকে ভয়ঙ্কর গর্জন হবে। অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। রাজ্যের বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া আদায়ের জন্য দিল্লিতে বৈঠক করেছেন, এমনকী ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সমস্ত দাবিকে সামনে রেখেই সমাবেশ করতে চলেছে তৃণমূল।
ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে সফরে এসে তিন তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রিগেড থেকে এ সব ব্যাপারে মমতা এবং অভিষেক কী কী বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
একই সঙ্গে ব্রিগেড থেকে লোকসভা ভোটে দলের প্রচার সূচিও তৃণমূল নেতৃত্ব ঠিক করে দেবেন বলে মনে করা হচ্ছে।