
শেষ আপডেট: 14 December 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আয় ব্যয়ের হিসাবের খতিয়ান চেয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে মুখবন্ধ খামে সেই রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে।
তার পরই তদন্তকারী সংস্থা ইডিকে ফের প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি বলেন, “সম্পত্তির পরিমাণ যদি কম হত, তাহলে এত ডকুমেন্ট জমা পড়ত না! কিছু না থাকলে এত নথি কি জমা পড়ে? আপনারা কি তা খতিয়ে দেখেছেন?”
এখানেই না থেমে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আপনারা কি খতিয়ে দেখেছেন, আয়ের উৎস কী? মোটামুটি ভাবে এই সব সম্পত্তি হয়েছে ২০১৪ সালের পর। এত অল্প সময়ের মধ্যে একজন এত সম্পত্তি করেছেন...! এবং এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়া চলেছে। যে প্রক্রিয়ার কারণ, যোগাযোগ, মানি ট্রেইল নিয়ে আপনারা তদন্ত করছেন, খতিয়ে দেখেছেন কি?” জবাবে ইডি আদালতে জানিয়েছে, সবটাই তাঁরা তদন্ত করে দেখছেন।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার ব্যাপারে আদালত আগেই নির্দেশ দিয়েছে। বস্তুত বিচারপতি অমৃতা সিনহাই নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা তথা লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন ও বর্তমান সমস্ত অধিকর্তা তথা ডিরেক্টরদের আয় ব্যয়ের সম্পত্তির হিসাব দিতে হবে। সেই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন ও বর্তমান ডিরেক্টরদের আয় ব্যায়ের হিসাব পেশ করা হয়েছে আদালতে। সেটাই ভাল করে খতিয়ে দেখতে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।