
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 22 August 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা আওয়াজ নয়, ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এ ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে হবে রাজ্যকেই।
বৃহস্পতিবার এক্স-হ্যান্ডেলে অভিষেক লেখেন, গত ১০ দিন ধরে গোটা দেশ প্রতিবাদে উত্তাল। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমে বিচার চাইছেন আমজনতা। এই প্রতিবাদ চলাকালীনই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং দুঃখজনকভাবে আরজি করের ঘটনাও রহস্যও এখনও উন্মোচিত হয়নি।
Over the past 10 days, while the nation has been protesting against the #RGKarMedicalcollege incident and demanding justice, 900 RAPES have occurred across different parts of India - DURING THE VERY TIME WHEN PEOPLE WERE ON THE STREETS PROTESTING AGAINST THIS HORRIBLE CRIME.…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 22, 2024
এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লেখেন, দেশে প্রতি ১৫ মিনিটে একটি, প্রতি ঘণ্টায় চারটি ও দিনে ৯০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। তাই এর বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ করা অত্যন্ত জরুরি। ৫০ দিনের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হয় এখনই সেরকম আইন লাগু হওয়া দরকার। রাজ্যগুলিরও উচিত ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা। ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। সব শেষে গোটা দেশের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এর আগে ১৪ অগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচি চলার সময় আরজি কর হাসপাতালে বহিরাগতদের হামলার তীব্র নিন্দা করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর সে কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের লিঙ্ক শেয়ার করা হয়েছিল তৃণমূলের মিডিয়া গ্রুপে। এবার ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে ফের এক্স-হ্যান্ডেলে সরব হলেন অভিষেক।