আদালত সূত্রের খবর, সকাল ১১টা ১৫ মিনিট। হাইকোর্টের ই গেট দিয়ে প্রবেশ করেন অভিষেক। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। সোজা চলে যান অ্যাকাউন্টস সেকশনে, যেখানে মামলার নথিপত্র সংরক্ষিত ও দাখিল করা হয়।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 25 August 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে চমক। নির্ধারিত কোনও শুনানি নয়, আচমকাই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। আদালত সূত্রে খবর, একটি মামলার হলফনামায় সাক্ষর করতেই এদিন হাজির হন তিনি।
আদালত সূত্রের খবর, সকাল ১১টা ১৫ মিনিট। হাইকোর্টের ই গেট দিয়ে প্রবেশ করেন অভিষেক। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। সোজা চলে যান অ্যাকাউন্টস সেকশনে, যেখানে মামলার নথিপত্র সংরক্ষিত ও দাখিল করা হয়। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তিনি। সূত্রের খবর, নির্দিষ্ট মামলার হলফনামায় স্বাক্ষর করেই আদালত চত্বর ছাড়েন তৃণমূল নেতা।
আদালত সূত্রের খবর, ডায়মন্ডহারবারে ভোট পরবর্তী হিংসা ও কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ওই মামলাতেই হলফনামায় সাক্ষর করতে এদিন অভিষেক আদালতে এসেছিলেন বলে খবর।
অভিষেককে দেখে কিছু অতি উৎসাহী তৃণমূল পন্থী আইনজীবী ভিড় করার চেষ্টা করলে তিনি তাঁদের থামিয়ে দেন। পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করলে হাসি মুখে ছবি ও সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। তাঁর প্রতিক্রিয়া মিললে এই প্রতিবেদনে আপডেট করা হবে।