
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভিনেশ ফোগত।
শেষ আপডেট: 7 August 2024 21:49
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে ফাইনাল ম্যাচের ঠিক আগে, নির্দিষ্ট ক্যাটেগরির চেয়ে ওজন সামান্য বেশি হওয়ার জন্য কুস্তিগির ভিনেশ ফোগত বাদ পড়েছেন। এই নিয়ে উত্তাল গোটা দেশ। আলোচনা-সমালোচনার টানাপড়েনে উঠে এসেছে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বও। এমনই সময়ে একটি রাজনৈতিক প্রস্তাব রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সে কথা লিখেছেন তিনি।
আজ, বুধবার সন্ধেয় অভিষেক একটি প্রস্তাব দেন কেন্দ্রের শাসকদল এবং বিরোধীদের। তিনি লেখেন, সবার সম্মতি নিয়ে, সকলের মতে মিললে, ভিনেশকে ভারতরত্ন দেওয়া হোক। তা না হলে ভিনেশকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হোক। এটাই ভিনেশের যোগ্য সম্মান হবে বলে জানিয়েছেন অভিষেক। অভিষেকের কথায়, 'ভিনেশ যে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তাঁর জন্য কোনও পদকই যথেষ্ট নয়।'
The GOVERNMENT and OPPOSITION should find a way to form a consensus and either award VINESH PHOGAT the BHARAT RATNA or nominate her to a PRESIDENT -NOMINATED RS SEAT, acknowledging the extraordinary mettle she has demonstrated. This is the least we can do for her, considering…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2024
এই প্রস্তাব একরকম মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। কারণ অভিষেকের এই প্রস্তাব না গিলতে পারবে, না ফেলতে পারবে বিজেপি। এদিকে এই প্রস্তাবে রাজি না হলে তারা ব্যাকফুটে যাবে, আবার রাজি হয়ে গেলেও তাদেরই ক্ষতি। শুধু বিজেপি নয়, কেন্দ্রের বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া-র দলগুলিও এই প্রস্তাব ফেরাতে পারবে না।
ভিনেশের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার। কারণ প্রাক্তন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছিলেন ভিনেশ। সেই ঘটনার প্রতিশোধ নিতেই কোনও রকম অন্তর্ঘাত ঘটিয়ে অলিম্পিক্সের মঞ্চ থেকে ভিনেশকে সরিয়ে দেওয়া হল কিনা, সেই নিয়ে কথা উঠেছে। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে লোকসভায় বিবৃতিও দিতে বাধ্য হন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া। তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় ওয়াক আউট করেন বিরোধীরা।
এই অবস্থায় অভিষেক এমন একটি কথা বললেন, যাতে সরাসরি কোনও অভিযোগ তোলা হল না। অথচ প্রস্তাব গ্রহণ না করলে, বিজেপি-কে কাঠগড়ায় উঠতে হবে। আর প্রস্তাব গ্রহণ করলে তো তাতে অভিষেক তথা তণমূল বিশেষ গুরুত্ব পাবেই জাতীয় রাজনীতিতে। এখন দেখার, এই প্রস্তাবে কীরকম সাড়া মেলে কেন্দ্রের তরফে।
অন্যদিকে, ফাইনাল থেকে বাদ পড়লেওষ সমর্থন ও প্রশংসার স্বর ক্রমেই চড়া হচ্ছে ভিনেশের পক্ষে। যে আত্মত্যাগ করে তিনি দেশের জন্য লড়াই করতে পৌঁছেছেন অলিম্পিক্সে, যেভাবে নিজের ৫৩ কেজির ওজন ক্যাটেগরিতে সুযোগ না পেয়ে জোর করে ওজন কমিয়ে ৫০ কেজির ক্যাটেগরিতে খেলেছেন, তার পরেও খালি হাতে পদক ছাড়াই তাঁর ফিরে আসা মেনে নিতে পারছেন না কেউই। এই আবহে তাঁকে সম্মানিত করে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব বিশেষভাবে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে।