
শেষ আপডেট: 10 January 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানোর ব্যাপারে সর্বোচ্চ আদালতে আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সম্প্রতি একাধিকবার দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার বিষয়ের বাইরে গিয়ে তাঁর মতামত জানাচ্ছেন। সন্দেশখালির ঘটনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনশ়ৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভাল নয়। আবার এও বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সম্পত্তি করলেন কোথা থেকে? তাঁর আয়ের উৎস্য কী? স্বচ্ছতা রাখতে অভিষেকের উচিত সোশাল মিডিয়ায় তাঁর সম্পত্তির হিসাব পোস্ট করা।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই ধরণের মন্তব্য শাসক দলকে লাগাতার অস্বস্তিতে ফেলেছে। তা ছাড়া আদালতের বাইরে বিচারপতির এ ধরণের মন্তব্য করা ঠিক হচ্ছে না বলে মনে করছেন প্রবীণ আইনজীবীদের অনেকেই। এই কারণেই এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন যে বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন। সেই মর্মে যেন নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি অমৃতা সিনহার বেশ কিছু পর্যবেক্ষণ নিয়েও সম্প্রতি শাসক দল প্রশ্ন তুলেছিল। তৃণমূলের মুখপাত্রদের মতে, মামলার প্রকৃত রায় কী হবে তা ঠিক নেই। তার আগে বিচারপতির পর্যবেক্ষণ থেকে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
এর আগে নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ছিল। তিনি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পর সেই মামলা তাঁর এজলাস থেকে বিচারপতি অম়ৃতা সিনহার এজলাসে সরানো হয়। সূত্রের খবর, অভিষেক সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। বিচারপতি সিনহার এজলাস থেকে মামলা সরানো হোক।