
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 August 2024 22:06
দ্য ওয়াল ব্যুরো: দলের নাম করে অনেকেই বেআইনি কাজ করছে, বহু মানুষকে হুমকিও দিচ্ছে! এমন সব অভিযোগ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় লাগাম টানতেই এবার হেল্পলাইন চালু করলেন তিনি। এবার থেকে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে সব অভিযোগ।
অ্যান্টি কোরাপশন হেল্পলাইন চালু করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, ''অনেকদিন ধরেই নানারকম অভিযোগ পাচ্ছি। কেউ কেউ দলের নাম বদনাম করতে এইসব কাজ করছে। তাই হোয়াটসঅ্যাপে নম্বর চালু করা হয়েছে।'' অভিষেকের বার্তা, কোনও ঘটনা ঘটলে তার ছবি, ভিডিও সেই নম্বরে পাঠালে তাঁরাই তা পুলিশের কাছে পাঠিয়ে দেবেন। এরপর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। যদিও যারা অভিযোগ করবেন, তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন প্রথম বাংলাদেশ ইস্যুতেও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সরকারি এই বিষয়ে কথা বলার তাঁর এক্তিয়ার নেই, তাই তিনি বেশি কিছু বলতে চান না। তবে বাংলাদেশের পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গও যে ঝুঁকির মধ্যে রয়েছে তা দাবি করেন তিনি। এর পাশাপাশি, আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলে আইন সংশোধনের দাবি তোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এই ঘটনা মর্মান্তিক। তবে ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তার জন্য আইন সংশোধন প্রয়োজন।
অভিষেক বলেন, অর্ডিন্যান্স করে বিজেপির আইন সংশোধন করা উচিত। সেই বিল তৃণমূল, কংগ্রেস সহ বাকিদের সমর্থন করা উচিত। এমন আইন করা উচিত যাতে ৭ দিনে এই ধরনের ঘটনার শাস্তি হয়। তাঁর সাফ কথা, এমন ঘটনা যে ঘটায় তার বেঁচে থাকার অধিকার নেই।
আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের হাথরাস এবং বিলকিস বানোর প্রসঙ্গও টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, একাধিক রাজ্যেই এমন ঘটনা ঘটে। হাথরাসের কথা সকলের মনে আছে। সেখানে তো মৃতদেহের খোঁজ মেলেনি। এই ঘটনা এখন যদি উত্তরপ্রদেশে হত তাহলে দেহ মিলত না।