অভিষেকের কথায়, এই ভোটার তালিকা যদি ভুলে ভরা থাকে, তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 13 August 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: বিশেষ নিবিড় সংশোধনের (SIR) জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে বড় শর্ত দিয়েছেন লোকসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, লোকসভা এবং এক বছর আগে তৈরি হওয়া কেন্দ্রীয় সরকার ভেঙে দিয়ে গোটা দেশে এসআইআর করতে হবে। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টির ক্রোনোলজি বোঝালেন অভিষেক।
এসআইআর ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ স্পষ্টত বলেছেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, মাত্র এক বছর আগে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা ব্যবহার হয়েছে, তাতে নাকি ব্যাপক ত্রুটি ও অনিয়ম রয়েছে। যদি সত্যিই তাই হয় এবং কেন্দ্রীয় সরকারও এই মূল্যায়নের সঙ্গে একমত হয়, তাহলে নৈতিক দিক থেকে প্রথম পদক্ষেপ হওয়া উচিত অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া।
ক্রোনোলজি বুঝিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে অভিষেকের বার্তা, প্রথমে লোকসভা ভঙ্গ করতে হবে, তারপর সারা দেশে এসআইআর চালু করতে হবে আর সবশেষে গোটা দেশে নির্বাচন করতে হবে।
The EC has stated that the voter lists across various states on the basis of which the GENERAL ELECTIONS were held barely a year ago in 2024 are FAULTY and riddled with IRREGULARITIES.
If that is indeed the case, and if the GoI agrees with the EC’s assessment, then the first…— Abhishek Banerjee (@abhishekaitc) August 13, 2025
অভিষেকের কথায়, এই ভোটার তালিকা যদি ভুলে ভরা থাকে, তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। তাই স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি করতেই হয়, তবে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। তার পর গোটা দেশে নিবিড় সংশোধন হোক ভোটার তালিকায়। এতে কোনও অসুবিধা নেই। কিন্তু বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাতের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক—এটা চলবে না।
তৃণমূলের মতোই কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা উদ্ধব শিবির, আরজেডি-র মতো বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন তথা বিশেষ সংশোধনে আপত্তি জানাচ্ছে। মঙ্গলবার এ ব্যাপারে প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ সংসদ ভবন থেকে মার্চ করে জাতীয় নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত যান। কমিশনের দফতর তাঁরা ঘেরাও করেন।