
শেষ আপডেট: 14 June 2022 11:10
দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগে আচমকাই একদিন ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিপ্লব দেব (Biplab Dev)। তারপর সেই বিকেলেই কিছুটা নাটকীয় ভাবে পরিষদীয় দলের বৈঠক করে বিজেপি ঠিক করেছিল, বিপ্লবের স্থলাভিষিক্ত হবেন পার্টির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা (Manik Saha)। মঙ্গলবার উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) দাবি করলেন, ত্রিপুরার মাটিতে তৃণমূল পা রেখেছে বলেই মুখ্যমন্ত্রী বদলাতে বাধ্য হয়েছে বিজেপি।
এদিন আগরতলার জিবি হাসপাতালের সামনে জনসভা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, "এত দিন তো মুখ্যমন্ত্রী বদলায়নি। যেই তৃণমূল ত্রিপুরার মাটিতে পা রাখল ওমনি মুখ্যমন্ত্রী বদলাতে হল। আমার কথা লিখে রেখে দিন, বাইশে মুখ্যমন্ত্রী বদলেছে। তেইশে সরকার বদলাবে।"
বিপ্লবের জায়গায় মানিকবাবুকে বসানো নিয়েও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, বিজেপির নৌকো ডুবতে বসেছে। এখানে চালক বদলে লাভ হবে না।
এদিনের সভায় কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও হাজির ছিলেন। প্রসঙ্গত, রাজীব বিজেপি থেকে তৃণমূলে ফেরার পরে ত্রিপুরায় পড়ে থেকে কাজ করছেন। অভিষেক যাকে প্রায়শ্চিত্ত বলেছিলেন।
অভিষেকের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ত্রিপুরা তৃণমূলের মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, "অভিষেক যখন জিবি বাজারের সভায় বক্তৃতা করছিলেন তখন কলকাতায় তাঁর স্ত্রীকে জেরা করছিল সিবিআই। হতে পারে টেনশনে এসব আবোলতাবোল বলেছেন।"
সিপিএম এবং কংগ্রেসের বক্তব্য, বিজেপির সুপারি নিয়ে তৃণমূল ত্রিপুরায় এসেছে বিরোধী ভোট ভাগ করতে। আগরতলা কর্পোরেশন নির্বাচনে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে।
আগামী ২৩ জুন ত্রিপুরার চার কেন্দ্রের ভোট। ২৬ জুন ফল ঘোষণা। এই চার কেন্দ্রের রাজনৈতিক সমীকরণেও বৈচিত্র্য রয়েছে। ফলে অনেকের মতে এই উপনির্বাচন তেইশের ভোটের সেমিফাইনাল। এখন দেখার সেই সেমি ফাইনালে কী হয়।
মাদ্রাসায় বেআইনি নিয়োগ, ৭০ হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি