
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 13 May 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মাঝেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেই ইস্যুতে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। দ্রুত যাতে এই এফআইআর খারিজ করা হয় সেই আবেদন জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আর্জি গৃহীত হয়েছে এবং মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।
গত শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে 'চোর' স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। এরপরই দু'পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল শিক্ষক সংগঠন। এই মামলার বিরুদ্ধেই হাইকোর্টে গেছেন অভিজিৎ।
বিজেপি প্রার্থীর দাবি, যে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে। ভোটের মাঝে প্রচারে বাধা দেওয়ার জন্যই এই কাজ করেছে তৃণমূল, এমন দাবি তাঁর। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, যারা অভিযোগ করেছে তারা এসব মামলা থেকে কতদিন বেঁচে থাকবে সেটাও দেখবেন তিনি। প্রসঙ্গত, অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিজেপির দাবি, তাদের তরফে কোনও হামলা করা হয়নি। বরং শান্তিপূর্ণভাবে মিছিল চলার সময়েই তৃণমূল অযথা অশান্তি তৈরির চেষ্টা করে। আচমকাই তৃণমূলের লোকজন 'অভিনয়' করে বলে দাবি গেরুয়া শিবিরের।