দ্য ওয়াল ব্যুরো : সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এর আগে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এবার শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মন্ত্রিসভাতেও তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবেই শপথ নেবেন। মুখ্যমন্ত্রীর ছেলে তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও মন্ত্রী হতে চলেছেন। বিধানসভায় বেলা একটা থেকে শুরু হবে শপথগ্রহণ।
এদিন মোট ৩৫ জন বিধায়ক শপথ নেবেন। তাঁদের মধ্যে ১০ জন কংগ্রেসি। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় ইতিমধ্যে ছ’জন মন্ত্রী রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বণ পূর্ত দফতরটি পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। তিনি বাদে এদিন কংগ্রেসের অপর যে বিধায়করা শপথ নেবেন, তাঁদের মধ্যে রয়েছেন কে সি পদভি, বিজয় ওয়াদেত্তিয়ার, অমিত দেশমুখ, আসলাম শেখ, সুনীল কাদার, যশোমতি ঠাকুর, বর্ষা গায়কোয়াড়, সতেজ পাতিল ও বিশ্বজিৎ কদম।
গত ২৮ নভেম্বর শপথ নিয়েছিলেন কংগ্রেসের বালাসাহেব থোরাট ও নীতিন রাউত, শিবসেনার একনাথ শিন্ডে ও সুভাষ দেশাই এবং এনসিপির জয়ন্ত পাতিল ও ছগন ভুজবল।
মহারাষ্ট্রে সর্বাধিক ৪৩ জন মন্ত্রী হতে পারেন। নিয়ম হল রাজ্যে যতজন বিধায়ক আছেন, মন্ত্রিসভার সদস্য তাঁদের ১৫ শতাংশের বেশি হতে পারবেন না। মহারাষ্ট্রে বিধায়কের সংখ্যা ২৮৮।
নতুন সরকারে স্পিকারের পদটি পেতে চলেছে কংগ্রেস। সাকোলি বিধানসভার কংগ্রেসি বিধায়ক নানা পাটোলে হচ্ছেন বিধানসভার স্পিকার। গত ১ ডিসেম্বর তিনি সর্বসম্মতভাবে ওই পদে নির্বাচিত হয়েছেন। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোটের নাম মহা বিকাশ আগাদি। জোটের শরিক দলগুলির মধ্যে মতাদর্শগত দিক থেকে যথেষ্ট ফারাক রয়েছে। অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে তারা।