
শেষ আপডেট: 20 February 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আধার নিয়ে বিভ্রান্তি সহজে মিটছে না। ডাকযোগে আধার বাতিলের চিঠি এখনও এসেই চলেছে। ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি পরিবারের হাতে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। এতেই এনআরসি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন ধূপগুড়ির মানুষ। কী কারণে আধার কার্ড বাতিল করা হচ্ছে, সে বিষয়ে যদিও নোটিসে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
শুধু ধূপগুড়িতেই নয়, বনগাঁর একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছে। অন্যান্য জেলাতেও আধার কার্ড বাতিলের চিঠি গিয়েছে বলে জানা গেছে। বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ টি পরিবারের কাছে এই চিঠি পৌঁছেছে। আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, আধার কার্ড বাতিলের ফলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, রেশন বন্ধ হয়ে গিয়েছে, গ্যাস নিতে পারছেন না। এইভাবে যদি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা বাঁচবেন কীভাবে! তারা চাইছেন অবিলম্বে তাদের আধার কার্ড চালু করা হোক।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত। তিনি বলেন, "এই ওয়ার্ড মতুয়া অধ্যুষিত, প্রায় ৯০ শতাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের। কয়েকদিন ধরেই এলাকার মানুষ তাঁর কাছে আধার কার্ড বাতিলের খবর দিচ্ছিলেন। এই ভাবেই কেন্দ্র সরকার ঘুরিয়ে এনআরসি চালু করছে।"
ধূপগুড়ির তৃণমূল নেতা রাজেশ কুমার সিং বলেন, "আধার কার্ড বাতিল করে সাধারণ মানুষকে হয়রানি করছে কেন্দ্রীয় সরকার। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই।"
বিজেপির টাউন মণ্ডলের সম্পাদক রণ ঘোষ বলেন, "এটা হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছে। কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টি দেখছে।"
শোনা যাচ্ছে, আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে কার্ড নিষ্ক্রিয় প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত ‘বিদেশি’ বলে সন্দেহ হলে, বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে, এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে বলে সূত্র মারফৎ জানা গেছে। যদিও সোমবার আধার বাতিল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর একটি সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, আধার বাতিল হবে না। নিষ্ক্রিয় হওয়া আধার আবার সক্রিয় হয়ে যাবে। তার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কারও আধার বাতিল হচ্ছে না। এত কিছুর পরও সংশয়ের মেঘ কাটছে না।