.jpg)
শেষ আপডেট: 15 November 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দাদার জন্য যমের দুয়ারে কাঁটা ফেলার আগেই ট্রাক্টরের চাকায় পিষে মৃত্যু বোনের! ভাইফোঁটার দিন এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেলে বীরভূমের নলহাটিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবতীর নাম রীতা সাউ। ২৩ বছরের রীতার বাড়ি মাড়গ্রাম থানার ছোচৌকি গ্রামে। ভাইফোঁটা দিতে দাদার সঙ্গে বাইকে করে ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রীতা। নলহাটির কাছে থাকা রামমন্দিরের কাছে বাইক থামিয়ে ভাইফোঁটার মিষ্টি কিনতে যান। রাস্তার পাশেই বোনের জন্য অপেক্ষা করতে থাকেন রীতার দাদা।
কিছুক্ষণ পরে মিষ্টির দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবতী। তখনই একটি ট্রাক্টর এসে ধাক্কা মারে রীতাকে। পিষে দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে মিষ্টির বাক্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর। চোখের সামনে বোনকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যান ওই যুবতীর দাদা। পথচলতি মানুষ খবর দেন নলহাটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। ঘাতক ট্রাক্টরটি আটকে করেছে পুলিশ। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
চোখের সামনে বোনের এমন মর্মান্তিক পরিণতি দেখে বাকশক্তি হারিয়েছেন রীতার দাদা। কিছুতেই বিশ্বাস করতে পারছেন না বোন আর নেই। ভাইফোঁটা দিতে গিয়ে বোনের মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও।