
মৃত সুপ্রিয় সাঁতরা
শেষ আপডেট: 11 June 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগর হাসপাতাল চত্বরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম সুপ্রিয় সাঁতরা(২৮)। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
পুলিশসূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর বিঘাটির বাসিন্দা সুপ্রিয়র সঙ্গে ওই এলাকারই বাসিন্দা গৌতম দাসের বচসা হয়। ভদ্রেশ্বর স্টেশন রোডে সুপ্রিয়র গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়েছিলেন গৌতম। কেন ধাক্কা তাই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, ঝগড়া চলার সময় গৌতমকে লোহার রড দিয়ে মারে সুপ্রিয়। মাথা ফেটে যাওয়ায় নিজের গাড়ি করে তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় সুপ্রিয়।
চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। হাসপাতালের গেটে অপেক্ষা করছিল সুপ্রিয়। আহত গৌতমের ছেলে ও তার পরিজনরা ঘটনার খবর পেয়ে চন্দননগর হাসপাতালে চলে আসে। কেন তার বাবাকে মেরে মাথা ফাটানো হল এই নিয়ে বাদানুবাদ শুরু হয় সুপ্রিয়র সঙ্গে। কয়েকজন মিলে বেধড়ক মারধর করে সুপ্রিয়কে। হাসপাতাল গেটেই লুটিয়ে পড়ে সে। সেখানে উপস্থিত কয়েকজন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।
এই ঘটনায় হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। চন্দননগর থানার পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে হাসপাতালে। গেট বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।