
শেষ আপডেট: 16 May 2023 17:50
দ্য ওয়াল ব্যুরো: নতুন ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন কামালগাজি (Kamalgazi) এলাকায়। সঙ্গে ছিলেন গাড়ির ড্রাইভার। আর সেখানে গিয়েই ১৮ তলা (high rise building) থেকে পড়ে রহস্যমৃত্যু হল এক তরুণীর (woman)। মৃতার নাম শ্রীময়ী মিশ্র (২৯)। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই তরুণী। মঙ্গলবার বিকেলে ঠিক কামালগাজি মোড়ের কাছেই এই ঘটনাটি ঘটেছে। এই রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ৪টে নাগাদ ওই বহুতল আবাসনে এসেছিলেন সেই তরুণী। ওই আবাসনের ১৮ তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। ড্রাইভারকে সঙ্গে নিয়ে সেটাই দেখতে এসেছিলেন। মনে করা হচ্ছে, সেখান থেকেই নীচে ঝাঁপ দেন তিনি। ভারী কিছু পড়ার শব্দ শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। গিয়ে দেখেন, আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। কোনওরকমে তাঁকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁরা মৃতা তরুণীর গাড়িচালককে জিজ্ঞাসাবাদও করেন। আবাসনের নিরাপত্তারক্ষীদেরও বেশ কিছু বিষয়ে জেরা করা হয়। এছাড়াও মৃতের মোবাইল ফোন উদ্ধার করে কোনও তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, 'ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই কোনও সুরাহা বের হবে।'
সূত্রের খবর, শ্রীময়ীর বাবা কর্মসূত্রে মুর্শিদাবাদের জঙ্গিপুরে থাকেন। আর কসবা এলাকায় মায়ের সঙ্গে থাকতেন শ্রীময়ী। তাঁর মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সম্প্রতি কামালগাজির ওই আবাসনের ১৮ তলায় তাঁরা একটি ফ্ল্যাট কিনেছিলেন। এদিন সেই ফ্ল্যাট দেখতেই যান শ্রীময়ী। তারপরেই কীভাবে এমন মর্মান্তিক কাণ্ড ঘটল, তা বুঝে পাচ্ছেন না কেউই। শ্রীময়ীর বাবাকেও খবর দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন বলে খবর।
স্ত্রীকে পুড়িয়ে মারায় স্বামীর যাবজ্জীবন, ১৫ বছর পর সাজা দিল আদালত