
শেষ আপডেট: 24 December 2023 19:43
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ব্রিজ থেকে ভাগীরথীতে ঝাঁপ দিলেন এক মহিলা। নদীতে টহল দেওয়া পুলিশের টিম জীবিত অবস্থায় মহিলাকে নদী থেকে উদ্ধার করে। পুলিশের অনুমান, আত্মহত্যা করা চেষ্টা করেছিলেন ওই মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই মহিলা নদীতে ঝাঁপ দিলেন, তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মহিলার শ্বশুরবাড়ি লালগোলা এলাকায়। ছোট দুই সন্তানও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা দুই সন্তানকে নিয়ে অনেকক্ষণ ব্রিজে দাঁড়িয়েছিলেন। পরে একটি টোটো দাঁড় করিয়ে দুই সন্তানকে তাতে তুলে দেন। পরক্ষণে তিনি ভাগীরথী নদীতে ব্রিজ থেকে ঝাঁপ মারেন।
সেই সময়ই ওখান দিয়ে যাচ্ছিল পুলিশের একটি ট্রলার যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে, পুলিশ মহিলাকে উদ্ধার করে। এদিকে টোটোয় বসে থাকা মহিলার দুই সন্তানকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই এমন ধরনের ঘটনা ঘটছে। তাই পুলিশ ও প্রশাসনকে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা কমাতে আরও বেশি তৎপর হতে হবে। তাঁরা ব্রিজের চারিদিক জাল দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এদিন কী কারণে ওই মহিলা ব্রিজ থেকে ঝাঁপ দিলেন সেবিষয়ে কিছু জানা যায়নি। তাঁর বাড়ির লোকেরা হাসপাতালে এলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।