
রাজ্যে প্রথম বিনামূল্যে টেস্টটিউব সন্তান জন্ম দিলেন প্রসূতি
শেষ আপডেট: 5 October 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: এবার রাজ্য প্রথম সরকারি হাসপাতালে বিনামূল্যে আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন)-এর মাধ্যমে সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। শুক্রবার এসএসকেএম হাসপাতালে এক শিশুকন্যার জন্ম হয়। এতো বড় সাফল্যে গর্বিত হাসপাতালে ডাক্তাররা। সদ্যোজাতের ওজন তিন কিলো। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। ওই প্রসূতি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
বেসরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা পরিষেবা খুবই খরচ সাপেক্ষ। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। বেসরকারি হাসপাতালে ট্রেস্টটিউবে ভ্রণ তৈরি করতেই প্রায় ৫ লক্ষ টাকা খরচ। সেই খরচ বহন করা গরিব অসহায় দম্পতিদের পক্ষে সম্ভব নয়। আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্মের জন্য ছয়টি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটি পর্যায়ের খরচ প্রায় দেড় থেকে দু'লক্ষ টাকা। এত কিছু পরে অনেক সময়ে সাফল্য আসে না। ফলে খরচে পরিমাণ বাড়তে থাকে।
সেখানে এসএসকেএম অসাধ্য সাধন করে দেখাল। শুক্রবার আইভিএফের মাধ্যমে এএসকেএমের ডাক্তারবাবুদের সহযোগিতায় এক গরিব দম্পতির ঘরে জন্ম নিল শিশুকন্যা। তাও বিনা খরচে। এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোটি টাকা খরচ করে এই হাসপাতালে আইভিএফের পরিকাঠামো তৈরি করা হয়। এতে বিনা খরচে নিঃসন্তান দম্পতিরা সন্তানের মুখ দেখতে পারবেন।
আড়াই বছর আগে সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি সেন্টার করার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। এই দায়িত্ব দেওয়া হয় ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদারকে ৷ তিনি এক সময়ে টেস্টটিউব বেবির জনক চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন ৷ এরপরেই বিনামূল্যে আইভিএফ পরিষেবা দেওয়ার কাজ শুরু হয় এসএসকেএম হাসপাতালে ৷
এত বড় সাফল্যের পরে সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, আড়াই বছর আগে টেস্টটিউব বেবি সেন্টার চালু হয়। এখন ৩৫-৩৬ টি আইভিএফ চলছে। এদের মধ্যে এই প্রথম সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্মাল। ভর্তি থাকা, সার্জারি সমস্তটাই বিনা খরচেই হয়েছে।