
বাড়ি ছেলে স্বামীর সঙ্গে নুরুনসা বিবি
শেষ আপডেট: 20 June 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরে ধোপাগাছি এলাকার বটতলা মোড়। জমজমাট এলাকা। সেই রাস্তার একপাশে বসে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে তাকিয়ে রয়েছেন আধময়লা কাপড় পরা মধ্যবয়সি এক মহিলা। তাঁকে ঘিরে রয়েছেন বেশ কিছু মানুষ। প্রশ্নের পর প্রশ্ন করে চলেছেন। কিন্তু মহিলা মুখে ‘রা’ কাড়ছেন না। এই অবস্থাতেই মহিলাকে প্রথমে দেখেছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা বিপুল পর্বত। পরে হ্যাম রেডিও ও পর্বতবাবুর মিলিত প্রচেষ্টায় কয়েকদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন বছর পঞ্চাশের নুরুনসা বিবি।
নুরুনসার বাড়ি ডায়মন্ড হারবারের রামরামপুর এলাকায়। স্বামী সন্তান সকলেই রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নুরুনসা অ্যালঝাইমারের রোগী। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে। মাঝে মধ্যে সমস্ত কিছু ভুলে যান। তাই তাঁকে চোখে চোখে রাখতে হয়। তবে নিখোঁজ হওয়ার দিন নুরুনসা কিছুক্ষণের জন্য বাড়িতে একাই ছিলেন। এক সময়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পথ ভুলে চলে আসেন বারুইপুরে। তবে কীভাবে তিনি সেখানে চলে এলেন সেসব কথা তাঁর মনে নেই।
বিপুল পর্বত নুরুনসাকে রাস্তা থেকে উদ্ধার করার পর তাঁর শুশ্রূষা শুরু করেন। একই সঙ্গে হ্য়াম রেডিও মারফত মহিলার পরিবারের সন্ধান করতে থাকেন। হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের প্রতিনিধি গোপাল বিশাল নুরুনসার ডায়মন্ড হারবারের বাড়ির ঠিকানা খুঁজে পান। সেখানে গিয়ে মহিলার ছেলে জাহির শেখকে মায়ের ফোটো দেখাতেই তিনি চিনতে পারেন। পরেদিনই বাবা জমির আলি শেখকে নিয়ে জাহির পৌঁছন বারুইপুর। সেখানে তাঁদের হাতে নুরুনসাকে তুলে দেওয়া হয়।
বারুইপুর মহিলা থানার অফিসার ইনচার্জ শ্রীমতি ইন্দ্রাণী চট্টোপাধ্যায় হ্যাম রেডিওকে মানবিক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, অনেকেই মহিলাকে ছেলেধরা ভেবে গুজব রটানোর চেষ্টা করছিল। কিন্তু তাতে কান না দিয়ে হ্যাম রেডিও ও তাঁদের সদস্যরা মহিলাকে তাঁর পরিজনদের কাছে পৌঁছে দিয়েছে। এই বিষয়ে মানবিক উদ্যোগ দরকার ছিল। চোখ কান খোলা রেখে স্থানীয়দের কাজ করতে হবে।