
শেষ আপডেট: 24 December 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের রাজ্যে তৃণমূল কর্মী খুন। এবার পূর্ব বর্ধমানে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম শুভাশিস মহন্ত (৪৮) ওরফে কার্তিক। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ১০ নং ওয়ার্ডের শ্রীপল্লি এলাকায়। মৃত তৃণমূল কর্মীর বাড়ি ইছলাবাদ এলাকায়। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে খাবার কিনতে হোটেলে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর ওপর হামলা চালানো হয়। শরীরে ছুরির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় শুভাশিসকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের দাবি, শুভাশিস তৃণমূল দলের সক্রিয় কর্মী। এলাকায় প্রায়ই বিভিন্ন অসামাজিক কাজকর্ম আটকাতে প্রতিবাদ করত। সেই কারণে অনেক শত্রু তৈরি হয়েছিল শুভাশিসের। পরিবারের অভিযোগ, শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি অনেকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছিল। বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে ছিল সে। শনিবার রাতের শুভাশিস যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁর ওপর হামলা চালায় শঙ্করই।
মৃতের মা মন্দিরা মহন্তের অভিযোগ, 'শঙ্করের সঙ্গে এর আগেও একবার ঝামেলা হয়েছিল শুভাশিসের। সেই ঝামেলার কারণেই ছেলেকে খুন করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
অন্যদিকে, শুভাশিস গতকাল যে দোকান থেকে খাবার কিনতে গিয়েছিলেন সেই দোকানের মালিক শিবশঙ্কর চট্টোপাধ্যায় বলেন, 'রাতে তিনজনে রুটি কিনতে আসে। তাঁদের মধ্যে ছিলেন কার্তিকও। রুটি কিনে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্তিক রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। একটি টোটো করে তাঁকে হাসপাতালে নিয়ে যায় অন্য সঙ্গীরা।'
মৃতের বন্ধু অভিষেক সিনহার কথায়, 'কার্তিক খুব উপকারী ছেলে ছিল। শঙ্করের সঙ্গে তার ঝামেলা চলছিল। সে সবসময় পকেটে ছুরি নিয়ে ঘুরত। আমার ধারণা, ওকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।' পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্ত শঙ্কর পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে।