
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 December 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল। এবার বারুইপুরে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগে উত্তেজনা ছড়াল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
ঘটনাটি ঘটেছে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায়। মৃতের নাম সইদুল আলি শেখ। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধেয় সইদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। কিন্তু রাত বাড়লেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায় না সইদুলের সঙ্গে। খোঁজখবর শুরু হয়। পরে বাড়ির কাছের এক মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সইদুলের দেহ।
সইদুলকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃতের গায়ে অনেক আঘাতের চিহ্ন আছে। ভারী কিছু দিয়ে মারা হয়েছে তাঁকে। মাথাতেও আঘাতের চিহ্ন আছে। তবে কী থেকে মৃত্যু হল, তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। গতকাল রাত থেকেই তদন্ত শুরু করেছে তারা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১২ জনকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আর কারা জড়িত, কেন এভাবে সইদুলকে মারা হল, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।
মৃতের পরিবারের অভিযোগ, এলাকায় অনৈতিক কাজের প্রতিবাদ করত সইদুল। তার জন্য আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু দমে যায়নি সইদুল। এলাকায় বিভিন্ন সমাজবিরোধী কাজের ঘটনা ঘটলেই ছুটে যেতেন তিনি। রুখে দাঁড়াতেন সইদুল। সেই কারণেই খুন হতে হল তাঁকে। সিপিএম ও বিজেপির দিকেই অভিযোগ করছে সইদুলের পরিবারের লোকেরা।
সইদুলের পরিবারের মতো তৃণমূলও একই অভিযোগ করছে। স্থানীয় তৃণমূল নেতার কথায়, এলাকায় সিপিএম ও বিজেপি বিভিন্ন অপকর্ম করত। সইদুল প্রতিবাদ করায় তাঁর সঙ্গে ঝামেলা বাঁধত। ওরাই সরিয়ে দিল সইদুলকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম, বিজেপি দুই দলই। তাদের পাল্টা দাবি, রাজ্যে হিংসার ঘটনা ঘটেই চলেছে। এই খুনের ঘটনাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটেছে বলে দাবি বিজেপি-সিপিএমের।
পুলিশ সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করেই সইদুলের সঙ্গে ঝামেলা ধৃতদের। সেখান থেকেই খুনের ঘটনা ঘটতে পারে।