
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত দ্বারিকেশ পট্টনায়ক।
শেষ আপডেট: 13 June 2024 22:41
দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে জামাই থাকেন সূদুর কুয়েতে। জামাইষষ্ঠীতে যে তিনি আসতে পারবেন না, সেকথা জানা ছিল শ্বশুরবাড়ির।
কিন্তু জামাইষষ্ঠীর সন্ধেতেই ফোন এল। তবে ফোনের ওপারে জামাই নয়, জামাইয়ের অফিস কলিগ। টেলিফোনে তিনি জানালেন, যে বহুতলে দ্বারিকেশ পট্টনায়ক (৫২) থাকতেন বুধবার ভোরে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বারিকেশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে দ্বারিকেশের। খবর শোনার পর থেকে শোকের ছায়া মেদিনীপুরের শরৎপল্লীতে। দ্বারিকেশের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন- ২ ব্লকের তুরকাগড় এলাকায় হলেও দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার রয়েছে মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায়।
রয়েছেন স্ত্রী অন্তরা ও এক মেয়ে ঐশী। ঐশী একাদশ শ্রেণির ছাত্রী। মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে কুয়েতে একটি সংস্থায় কাজ করতেন তিনি। তার আগে মুম্বইয়ে একটি সংস্থায় কাজ করতেন।
অন্তরার ভাই সায়ন্তন পট্টনায়েক বলেন, "বৃহস্পতিবার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে যে, জামাইবাবু মারা গিয়েছেন।" মৃতের শ্বশুর কমলাকান্ত পট্টনায়েক বলেন, ‘‘বুধবার, জামাইষষ্ঠীর সন্ধ্যাতেই জামাইয়ের দুর্ঘটনার খবর পাই।’’ পুজোর সময় বাড়িতে ফেরার কথা ছিল দ্বারিকেশের। ঘটনার জেরে পট্টনায়েক পরিবারে শোকের ছায়া।
প্রসঙ্গত, কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ৪২ জনই ভারতীয়।