
শেষ আপডেট: 17 July 2022 09:06
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহ্যের আরেক নাম ট্রাম (Kolkata Tram)। কলকাতা ট্রাম হল জগৎ বিখ্যাত। কিন্তু ধীরে ধীরে সেই ট্রাম আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। একটা একটা করে রুট বন্ধ হয়েছে। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট, শহরে মাত্র এই দুই রুটেই চলছে ট্রাম। বাকি সব রুট বন্ধ। কোথাও মেট্রোর কাজের জন্য, আবার কোথাও যানজট এড়াতে, কোথাও আবার ব্রিজ মেরামতির জন্য। কিন্তু এবার একাধিক রুটে বন্ধ হয়ে যাওয়া ট্রামকে ফের কলকাতার রাস্তায় চালু করতে পথে নামলেন একদল মানুষ।
হাতে পোস্টার, মুখে স্লোগান দিতে দিতে রবিবার কলকাতার রাস্তায় হাঁটলেন কিছু মানুষ। কলকাতা ট্রাম্প ইউজার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এদিন একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলেই অংশ নিয়েছিলেন মহানগরীর ট্রাম প্রেমীরা।
ট্রাম, একসময় কলকাতার (Kolkata) মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। ধীরে তালে সব যানকে পেরিয়ে এগিয়ে যায় গন্তব্যের দিকে। নেই পরিবেশ দূষণের ভয়, এমন এক ঐতিহ্যের সঙ্গে কলকাতার মানুষ ওতপ্রোতভাবে জড়িত।
কিন্তু গতিশীল সমাজে যে ট্রাম একেবারেই বেমানান! হ্যাঁ, অনেকেই সেকথা বলেন। ছুটছে মানুষ, ছুটছে শহর, এমন ব্যস্ত সময়ে ট্রামের মতো ধীর গতির যান কি মানা যায়? কিন্তু সমাজের বহু মানুষ আজও চান কলকাতার রাস্তায় ট্রাম চলুক। যেমনভাবেই হোক চলুক, এর সঙ্গে জড়িয়ে আছে কলকাতার ঐতিহ্য, আবেগ। সেটা এভাবে মুছে ফেলা যাবে না।
এখন দেখতে গেলে কলকাতায় মাত্র দুটো রুটে ট্রাম চলে। কিন্তু একটা সময় কলকাতায় ২৫টি রুটে ট্রাম চলত। আজ কমতে কমতে সেটা এসে ঠেকেছে দুইয়ে। শহরে গতি আনতে অনেকদিন ধরেই ট্রাম বন্ধ করার কথা বলে আসছে ট্রাফিক পুলিশ। এমনকি রাজ্যের পরিবহন দফতরের তরফে বারবারই বলা হয়েছে, ট্রাম চালিয়ে কোনও আয় নেই সরকারের, বরং লোকসানই হয়।
কিন্তু ফের শহরে ট্রাম চালানোর (Tram Resume) দাবিতে পথে নেমেছে মানুষ। রবিবার সেই প্রতিবাদী মিছিল ছিল বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত। কলকাতা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহাদেব শীয়ের কথায়, "বহুদিন ধরে নানা কারণ দেখিয়ে বিভিন্ন ট্রাম ডিপো বন্ধ করে দেওয়া হয়েছে। বহু জায়গায় ট্রামের ডিপো বা দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সকলেই জানি ট্রামের মতো পরিবেশ বান্ধব যান আর নেই। তাই আমরা চাই অবিলম্বে সব রুটের ট্রাম চালু করা হোক।" এখন প্রশ্ন এটাই এই দাবি কতটা মানবে সরকার? আদেও কি তা সম্ভব?