তাঁর হাতে ছিল একটি লোহার রড। সেটি উঁচিয়ে তিনি অন্যদের আতঙ্কিত করার চেষ্টা করতে থাকেন। ঘটনাস্থল মুহূর্তেই উত্তেজনা ছড়ায়। খবর পৌঁছয় প্রশাসনের শীর্ষ মহলে।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 September 2025 22:20
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহার জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Cooch Behar Medical College and Hospital) ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের হেফাজতে থাকা এক আসামি (Prisoner) হঠাৎ করেই বেপরোয়া হয়ে ওঠেন। হাতে থাকা লোহার রড (Iron Rod) নিয়ে তিনি ঢুকে পড়েন হাসপাতালের বাথরুমে (Hospital Washroom)। ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের সবাইকে ভয় দেখাতে শুরু করেন। ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
ধৃত ব্যক্তির নাম নভিন কাল্লু(৩২)। তিনি তেলেঙ্গানার হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা। রবিবার কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফৎ জানা গেছে, ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পরদিন অর্থাৎ সোমবার বিকেলে শারীরিক পরীক্ষার জন্য তাকে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এখানেই সুযোগ বুঝে তিনি ওয়াশরুমে ঢুকে পড়েন।
চোখে পড়ে, তাঁর হাতে ছিল একটি লোহার রড। সেটি উঁচিয়ে তিনি অন্যদের আতঙ্কিত করার চেষ্টা করতে থাকেন। ঘটনাস্থল মুহূর্তেই উত্তেজনা ছড়ায়। খবর পৌঁছয় প্রশাসনের শীর্ষ মহলে। দ্রুত হাসপাতালে পৌঁছে যান কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এবং কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা চলে। শেষে প্রায় জোর করেই পুলিশ তাঁকে বাথরুম থেকে বের করে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ঘটনার পর বলেন, “এই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে তাঁর মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতালে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে প্রবল উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি সামলে নেয়। আপাতত ধৃতকে ফের পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
কোচবিহারের অন্যতম ব্যস্ত হাসপাতালের ভিতরে এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও পুলিশের দাবি, বিষয়টি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও সতর্কতা নেওয়া হবে।