অভিষেকের আরও তোপ, “যিনি তিন মাস আগে মন্দির উদ্বোধন করেন, তিনি হিন্দু রীতির কতটা ধার ধারেন? তাহলে শুভেন্দু অধিকারীর মতে, দেশের সবচেয়ে বড় হিন্দু-বিরোধী তো নরেন্দ্র মোদী স্বয়ং!”
.jpeg.webp)
প্রধানমন্ত্রী মোদী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 22 September 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুজো মণ্ডপ উদ্বোধন নিয়ে জোর বিতর্ক। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, এটা "শাস্ত্রবিরুদ্ধ"। আর সেই প্রশ্নের মুখে দাঁড়িয়েই মোক্ষম পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে অভিষেক স্পষ্ট প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার একদিন আগে উদ্বোধন করলেই যদি শাস্ত্রলঙ্ঘন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) কেন রামনবমীর তিন মাস আগেই রামমন্দির উদ্বোধন করলেন?”
তাঁর মন্তব্য, “রামনবমী তো এপ্রিলে। অথচ জানুয়ারিতেই রামমন্দির উদ্বোধন করা হল। সেটা কি রীতিমতো শাস্ত্রসম্মত? নাকি ভোটের বাজার গরম করতেই এই সিদ্ধান্ত? তাহলে শুভেন্দু অধিকারী কেন চুপ করে থাকলেন?”
অভিষেকের আরও তোপ, “যিনি তিন মাস আগে মন্দির উদ্বোধন করেন, তিনি হিন্দু রীতির কতটা ধার ধারেন? তাহলে শুভেন্দু অধিকারীর মতে, দেশের সবচেয়ে বড় হিন্দু-বিরোধী তো নরেন্দ্র মোদী স্বয়ং!”
তিনি স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পুজো শুরু করছেন না, করছেন মণ্ডপসজ্জার উদ্বোধন। তাই এখানে শাস্ত্রবিরুদ্ধ কিছু নেই।
পুজোর আগে রাজনীতির মঞ্চে ধর্ম আর দ্বিচারিতা—এই দুই অস্ত্র ঘিরে চড়ছে চাপানউতোর। এখন দেখার অভিষেকের মন্তব্যের জবাবে পদ্মশিবির কী বলে।