
শেষ আপডেট: 31 January 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাস্তার পাশে অসুস্থ বৃদ্ধকে ফেলে পালিয়ে গেল আত্মীয়রা। বৃদ্ধকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা।
এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। সারারাত রাস্তার পাশে বৃষ্টির মধ্যে পড়েছিলেন ওই বৃদ্ধ। সকালে সেই অমানবিক দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা বৃদ্ধকে উদ্ধার করার উদ্যোগ নেন।
জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম মিলন কান্তি মিত্র। বয়স ৮৪ বছর। তাঁর কাছে থাকা একটি প্যাকেটে ভোটার, আধার, এটিএম কার্ড ছিল। সেখান থেকে তাঁর নাম পরিচয় জানা যায়।
বৃদ্ধের সঙ্গে কথা বলার পরে স্থানীয়রা জানতে পারেন, ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা তুলে নিয়েছেন আত্মীয়রা। তাঁরাই ৫০০ টাকা হাতে দিয়ে টোটোয় করে নিয়ে এসে বৃদ্ধকে বিটি রোডের ধারে ফেলে রেখে যায়। জানা গিয়েছে বৃদ্ধের বাড়ি কলকাতার কেশব সেন স্ট্রিটে। ভাইয়ের বন্ধুর বাড়িতে দেখা করতে নিয়ে যাওয়ার কথা বলে এখানে তাঁকে আনা হয়েছিল।
এলাকার মানুষ বৃদ্ধের খাওয়াবার ব্যবস্থা করেন। খবর দেন পুলিশ প্রশানকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য।
তিনি বৃদ্ধকে পুরসভার অধীন থাকা মমতালয় সেন্টার হোমে থাকার ব্যবস্থা করে দেন। ব্যাঙ্কে যেটুকু টাকা পয়সা ছিল সবটাই বাড়ির লোকেরা তুলে নিয়েছে বলে বৃদ্ধের অভিযোগ। সারারাত বৃষ্টিতে ভেজায় ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।