
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 May 2024 21:42
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে সন্দেশখালি। এবার সন্দেশখালিতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। শনিবার নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে দাবি কিশোরীর পরিবারের।
অষ্টম শ্রেণির এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির বেড়মুজুর এলাকা। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পিছনের বেড়া ভেঙে ঢুকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা করে স্থানীয় এক যুবক। নিজেকে বাঁচাতে কোনওভাবে ওই দুষ্কৃতীর হাত ছাড়িয়ে চিৎকার করে ওঠে নাবালিকা। তার আওয়াজে শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত।
শনিবার নাবালিকাকে নিয়ে সন্দেশখালি থানায় পৌঁছন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার বিকেলে বসিরহাট মহকুমা হাসপাতালে নিগৃহীতার মেডিক্যাল পরীক্ষা হয়। এরপরই লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। সিবিআইয়ের কাছে ইমেল করেও অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআইয়ের ক্যাম্পেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালি থানার পুলিশ।
অন্যদিকে, ভোট আবহের মধ্যেই সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প অফিস গড়েছে সিবিআই। যাঁরা সিবিআইয়ের কাছে ই-মেল মারফত অভিযোগ জানাতে পারছেন না, তাঁরা ওই ক্যাম্প অফিসে গিয়ে অভিযোগপত্র জমা দিতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী চলবে অভিযানও।দু’দিনে ভূরি ভূরি অভিযোগপত্র জমা দিয়েছেন গ্রামবাসীরা। আর এরই মধ্যে এবার সন্দেশখালিতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে।