
শেষ আপডেট: 11 October 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনের মতো সেদিনও সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন চায়ের দোকানে। ধরা ছিল তখনও চায়ের কাপ। এক চুমুক দিতে না দিতেই আচমকা পিছন থেকে পর পর ৬ রাউন্ড গুলি। নিমেষে লুটিয়ে পড়েন মাটিতে। শরীরের তিন জায়গায় গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যবসায়ীর। বুধবার সাতসকালে শ্যুটআউটের এই ঘটনায় কেঁপে ওঠে আসানসোল।
ঘটনাটি আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড়ের। মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ মিশ্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল সাতটা নাগাদ এলাকার বাসিন্দা বছর পঞ্চান্নর শম্ভুনাথ মিশ্র বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার মোড়ে দাড়িয়ে চা খাচ্ছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতি মোটরবাইকে এসে শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। সঙ্গে সঙ্গেই রক্ষাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আওয়াজ পেয়ে দৌড়ে আসেন আশপাশের লোকেরা । ততক্ষণে বেপাত্তা হয়ে গিয়েছে দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।
এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যাক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে ওই ব্যবসায়ীকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। পুজোর ঠিক মুখে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটির প্রসঙ্গে শম্ভুনাথ পন্ডিত ওরফে মিশ্রের স্ত্রী নীলম দেবী জানিয়েছেন, প্রতিদিনই সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যবসায়ী। বুধবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। বাড়ি থেকে বেরনোর কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর কাছে দু:সংবাদ পৌঁছায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী ঠিকাদারির পাশাপাশি সুদের ব্যবসা করতেন। তাই ব্যবসায়িক শক্রুতা থেকেই তাঁকে গুলি করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও পরিবারের দাবি, কোনও শত্রুতার কথা তাঁরা জানতেন না।
ঘটনাস্থলে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তাঁর বক্তব্য, আসানসোল এলাকায় খুন খারাপির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। অন্যদিকে, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে।