
শেষ আপডেট: 31 December 2023 18:50
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পুরস্কারের লোভে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। প্রতারিত ওই ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান মণ্ডল। তিনি ডোমকল বর্তনাবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তি তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে মুস্তাফিজুর প্রথম পুরষ্কার জিতেছেন। পুরস্কার বাবদ তিনি ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং পাঁচ আনা সোনার আংটি পাবেন। কিন্তু পুরস্কার নিতে গেলে কিছু তথ্য তাঁকে দিতে হবে বলে জানায় অপর প্রান্তে থাকা ব্যক্তি। সাত পাঁচ না ভেবে পুরস্কারের লোভে ব্যক্তিগত অনেক তথ্যই দিয়ে দেন মুস্তাফিজুর। ফোন রাখার আগে ওই ব্যক্তি মুস্তাফিজুরকে জানায়, কয়েকদিন বাদেই তাঁর ঠিকানায় পুরস্কারের টাকা এবং সোনার আংটি পৌঁছে যাবে। তাঁর পরেই প্রতারকরা তাঁকে নানাভাবে মানসিক হেনস্থা করতে শুরু করেন বলে অভিযোগ।
মুস্তাফিজুরের বক্তব্য, গত ১৮ ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাঁকে ফোন করে জানানো হয় তাঁর নামে একটি পার্সেল এসেছে। সেটি আজকেই সংগ্রহ করে নিতে হবে তা না হলে সেটি ফেরত চলে যাবে। তিনি কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় তাঁর স্ত্রীকে ফোন করে পার্সেলটি সংগ্রহ করতে বলেন মুস্তাফিজুর। ওই পোস্ট অফিসে গেলে কর্তব্যরত কর্মী বলেন যেহেতু বোনাফায়েড অর্ডার তাই ১৫৭৫ টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হবে। স্ত্রী ১৫৭৫ টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করেন। অভিযোগ, বাড়ি এসে সেটি খুলতেই দেখা যায় পার্সেলের ভেতর একটি টিনের আংটি এবং দুটি সাদা কাগজ রয়েছে।
ঘটনার খবর পেয়ে গত শুক্রবারই ভিনরাজ্য থেকে বাড়ি ফেরেন মুস্তাফিজুর। পরিচিত কয়েকজনকে বিষয়টি জানান। তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এমন প্রতারণার ফলে মানসিকভাবে ভেঙে পড়েন মুস্তাফিজুর ও তাঁর স্ত্রী। শনিবারই ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুস্তাফিজুর।