
শেষ আপডেট: 16 November 2023 08:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দুপুরে খাওয়ার পর একটু ফোন ঘাঁটছিলেন। এদিকে ফোনে তখন চার্জ প্রায় শেষের দিকে। তাই ফোনটিকে চার্জে বসিয়ে তা কোলে রেখেই ফেসবুক-হোয়াটসঅ্যাপ করছিলেন পাঁশকুড়ার এক যুবক। আর সেই সময়েই ঘটে অঘটন! হঠাৎ করে ফেটে যায় ওই মোবাইল। ছিন্নভিন্ন হয়ে যায় যুবকের ঊরু, অণ্ডকোষ।
যুবকের নাম গোলাম রসুল। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বুধবার দুপুরের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিঞাদা এলাকায়। সূত্রের খবর, ওই যুবকের শরীরের নিম্নাঙ্গের ওই অংশ প্রায় নেই বললেই চলে।
জানা গিয়েছে, ওই যুবক পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। বুধবার দুপুরে খেয়ে উঠে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটি চার্জে বসান। তারপর সেটিকে কোলে রেখে ঘাঁটাঘাঁটি করছিলেন। এরপর হঠাৎ দুপুর আড়াইটে নাগাদ বিকট শব্দ করে আচমকা ফেটে যায় মোবাইলটি।
সবাই ছুটে গিয়ে দেখেন, জখম অবস্থায় মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন ওই যুবক। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। সঙ্গে সঙ্গে তাঁকে কোনওরকমে পাঁজাকোলা করে তুলে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কারখানার মালিক নওশাদ বলেন, “গোলাম কাজের ফাঁকে অবসর সময়ে প্রায়দিনই একটু ফোন নিয়ে বসত। কিন্তু চার্জে দিয়ে ফোন ঘাঁটতে গিয়ে এমন কাণ্ড যে ঘটবে, কেউই বুঝিনি।”