
শেষ আপডেট: 29 October 2023 20:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ। রবিবার দুপুরে আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বেঁধে যায়। সেই ঝামেলায় প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী!
স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার দুই কাউন্সিলরের মধ্যে দীর্ঘদিনের গন্ডগোল। বিকাশ সিং ও সোনু সাউ, দুই কাউন্সিলর ও তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই ঝামেলা হত। অভিযোগ, রবিবার সেই ঝামেলা নতুন মাত্রা নেয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর।
জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও বাড়তে থাকে। আকাশের মৃতদেহ নিয়ে একদল তৃণমূল কর্মী খড়দহ থানায় যান, থানার মধ্যেই দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফও। উত্তেজিত তৃণমূল কর্মীদের বোঝানোর চেষ্টা করেন থানার ওসি। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কারা কারা জড়িত তাও পুলিশ খতিয়ে দেখছে।
আরও এক তরুণ জানিয়েছে, তিনি ১৫ নম্বর ওয়ার্ডে থাকেন। এদিন সকালে চুল কাটতে যাচ্ছিলেন। তখন অর্জুন জেসওয়াল, রহিত সাউ ও আয়ুষ সাউ তাঁকে মারধর শুরু করেন। এরপরে তাঁকে বাঁচাতে ছুটে আসেন আকাশ। সেখানে মারপিট আকাশের মৃত্যু হয়। পুর প্রধান কমলেশ সাউয়ের দাবি, স্থানীয় দুই যুবকের মধ্যে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।