
শেষ আপডেট: 14 November 2023 22:49
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের ঘটনার রেশ এখনও টাটকা। এরমধ্যেই মঙ্গলবার সন্ধেয় ফের দক্ষিণ ২৪ পরগনায় ধুন্ধুমার বাঁধল। এক ডায়গনস্টিক সেন্টারের কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিষ্ণুপুর থানার আমতলার ডাউন এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার আমতলার ডাউন এলাকার ওই ডায়গনস্টিক সেন্টারে সন্ধে ৬টা নাগাদ অনুপ বসু ও সুনাম পাল নামের দুই কর্মী হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ঝগড়া চলাকালীন সময় সহকর্মী সুনাম পালকে গালিগালাজ করেন অনুপ। এরপরই ওই ব্যক্তি কুড়ুল নিয়ে এসে তাঁকে কুপিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপের।
জানা গিয়েছে, ডায়গনস্টিক সেন্টারের ওই মৃত কর্মী বেহালার বাসিন্দা। এদিকে অভিযুক্ত ব্যক্তি থাকেন বিষ্ণুপুর থানার বাখরাহাট এলাকায়। ঘটনার পরই অভিযুক্ত সুনাম পালকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কুড়ুলও। পুলিশ সূত্রে খবর, সুনাম খুন করার কথা স্বীকার করেছে। বুধবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, ওই বাড়ির একতলায় রয়েছে ডায়গনস্টিক সেন্টার। এদিন সন্ধেয় সেখান থেকে কাঁচা রক্তের গন্ধ বেরোতে শুরু করায় সন্দেহ হয় বাসিন্দাদের। তাঁরা ভিতরে ঢুকে দেখেন সুনাম রক্ত পরিষ্কার করছে। এরপরই তাঁরা বাইরে থেকে দরজা বন্ধ করে স্থানীয় থানার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।