
শেষ আপডেট: 4 January 2024 13:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে গেল বেপরোয়া লরি। এই ঘটনায় মৃত্যু হল এক সাব ইন্সপেক্টর ও হোমগার্ডের। বৃহস্পতিবার বাগনানের মুম্বই রোডে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও তিন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুম্বই রোড ধরে কোলাঘাট থেকে বাগনানের দিকে যাচ্ছিল একটি লরি। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি পুলিশের গাড়ি। ওই পুলিশের গাড়িতে আচমকাই ধাক্কা মেরে পালিয়ে যায় লরিটি। দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়ির সামনের অংশ। গাড়িটির ছাদ উড়ে যায় ।
দুর্ঘটনায় মৃত দুই পুলিশ কর্মীর নাম সাব ইন্সপেক্টর সুজয় দাস (৪৫) ও হোমগার্ড পলাশ সামন্ত (৩০)। তাঁরা দুজনেই গাড়ির ভেতরে ছিলেন। তাঁদের সঙ্গে গাড়িতে ছিলেন আরও দুই পুলিশকর্মী ও চালক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় বাগনান থানার পুলিশ। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা সুজয় ও পলাশকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই পুলিশকর্মী ও চালককে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর সুজয় দাসের বাড়ি হাওড়ার বেলুড়ে। পলাশ সামন্তর বাড়ি বাগনানের কল্যাণপুরে। পুলিশ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবেই লরিটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরেছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।