
শেষ আপডেট: 25 October 2023 18:22
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জঙ্গলে মৃতদেহ ফেলতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ, এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করার পর দেহ লোপাট করতে এসেছিল ওই ব্যক্তি। একাদশীর দিন শোরগোল পড়ে যায় নদিয়ার হরিণঘাটা থানা এলাকার জঙ্গলপাড়ায়।
ধৃত ওই ব্যক্তির নাম কার্তিক দেবনাথ। তার বাড়ি নবদ্বীপ থানার কাপালি পাড়া এলাকায়। ইতিমধ্যে মৃত ওই মহিলার পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম সন্দীপা সরকার। তাঁর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়।
গত ১০-১২ দিন আগে হরিণঘাটা থানার সিমহাট এলাকায় কার্তিক দেবনাথের বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। কার্তিকের স্ত্রী আপাতত বাপের বাড়ি রয়েছেন। অভিযোগ, বুধবার দুপুরে মৃতদেহ একটি প্লাস্টিকে মুড়ে মোটরসাইকেলের পিছনে বেঁধে জঙ্গলে নিয়ে এসেছিল কার্তিক। শেষ রক্ষা হয়নি। মৃতদেহটি পুঁতে ফেলার সময়ে কার্তিককে এলাকার বাসিন্দারা দেখে ফেলেন।
এরপর স্থানীয় বাসিন্দারা মারধর করার পর অভিযুক্তকে হরিণঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, সন্দীপা সরকারকে শ্বাসরোধ করে খুন করে কার্তিক। ঘটনার কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে হরিণঘাটা থানার পুলিশ।