
শেষ আপডেট: 19 January 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে জখম হয়েছেন। বড় থেকে ছোট কেউই রেহাই পাচ্ছে না। এতেই আতঙ্ক ছড়িয়েছে পড়েছে ক্যানিং থানা এলাকার দিঘিরপাড় পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে একটি পাগলা কুকুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পথচলতি মানুষকে কুকুরটি কামড়াতে শুরু করে। ওই দিন রাত পর্যন্ত সে প্রায় ১৭ জনকে কামড়ে দেয়। ক্ষতবিক্ষত অবস্থায় অনেককেই ক্যানিং মহকুমা হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধও রয়েছে। পরে শুক্রবার সকালেও ফের তাণ্ডব শুরু করে ওই পাগলা কুকুরটি। তখন বেশ কয়েকজনকে কামড়ে দেয়। ক্যানিং মহকুমা হাসপাতালে অনেকের চিকিৎসা চলছে।
গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে বেপাড়ার একটি কুকুর হঠাৎ ঢুকে পড়ে। এলাকার অন্যান্য কুকুর ও ভেড়া ছাগলদের তাড়া করতে থাকে। গ্রামের লোকজন পাগলা কুকুরকে তাড়িয়ে দিতে গেলে একের পর একজনকে কামড়ে দিতে থাকে সেটি। সকালেও ওই কুকুরের তাণ্ডব চলতে থাকায় রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন অনেকেই। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বাবা-মায়েরা। তাঁরা চাইছেন, ওই কুকুরের তাণ্ডবে কমাতে ব্যবস্থা নিক প্রশাসন।