
হকার মৃত্যু নিয়ে তুমুল বিক্ষোভ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 12 June 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হাওড়া বর্ধমান কর্ড শাখার কামারকুন্ডু স্টেশনে এক হকারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। তাঁকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সুভাষ ঘোষাল (৫০)। বাড়ি উত্তর ২৪ পরগনা বরাহনগরের ব্যানার্জি পাড়ায়।
খবর পেয়ে আইএনটিটিইউসির সদস্য হকাররা কামারকুন্ডু স্টেশনে জড়ো হন। হুগলি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তীও পৌঁছন ঘটনাস্থলে।
আইএনটিটিইউসির অভিযোগ, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জম্মু তাওয়াই এক্সপ্রেস কামারকুন্ডু দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই ট্রেনে হকারি করছিলেন সুভাষ ঘোষাল। আরপিএফ তাঁকে নেমে যেতে বললে বচসা বাঁধে। এই সময়েই আরপিএফ জওয়ানরা তাঁকে ঠেলে ফেলে দেয়। মানকুণ্ডু স্টেশনে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে ফাঁক দিয়ে রেললাইনের উপর পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ব্যাপারটি বুঝতে পেরে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। দেহ উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় স্টেশন চত্বরে। আরপিএফের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের হয়। তবে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ। তাদের দাবি, ওই শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় হকারি করা যায় না। তাই নেমে যেতে বলা হয়েছিল ওই ব্যক্তিকে। কামারকুন্ডু স্টেশনে এক মিনিট ট্রেন দাঁড়ায়। তিনি তাড়াহুড়ো করে নামার সময় ট্রেন ছেড়ে দেয়। তিনিও পড়ে যান।